২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত হওয়ার খবর

“গুলির শব্দ শুনে গ্রামবাসী মাঠে গিয়ে রিয়াজকে পড়ে থাকতে দেখে।”

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার রাতে উপজেলার কুশুমপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে আহত রিয়াজের চাচাতো ভাই সুমন জানিয়েছেন।

গুলিবিদ্ধ রিয়াজ পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সুমন বলেন, “রিয়াজ রাতে সীমান্তের খালের ধারের মাঠে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য যায়। এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় সে। গুলির শব্দ শুনে গ্রামবাসী মাঠে গিয়ে রিয়াজকে পড়ে থাকতে দেখে।

“তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগরে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে।”

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, কারো গুলিবিদ্ধ হওয়ার তথ্য তাদের জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।