২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি মিলল মসজিদে

পুলিশ জানিয়েছে, এগুলো ২০২৪ সালের ৫ অগাস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 08:02 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি একটি মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার একটি তাক থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, মসজিদের ইমাম তাকের ওপর পিস্তল, ম্যাগাজিন ও গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। থানায় থাকা অস্ত্রের সঙ্গে মিলিয়ে এগুলো ২০২৪ সালের ৫ অগাস্ট লুট হওয়া বলে শনাক্ত করা হয়েছে।

মসজিদের ইমাম মো. নাসির উদ্দিন বলেন, শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক তাকে দ্বিতীয় তলার কোরআন শরিফ রাখার তাকে পিস্তল ও গুলি থাকার কথা জানান। পরে সেখানে গিয়ে তিনি সেগুলো দেখতে পান।

তিনি বলেন, রাতেই থানায় বিষয়টি জানাতে গেলেও ওসিকে না পেয়ে ফিরে আসেন। পরে শনিবার দুপুরে পুলিশ এসে পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিয়ে যায়।

নাসির উদ্দিন বলেন, “আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ এর আগেও অনেকে মসজিদে এসে জমা দিয়ে গিয়েছিলেন। আমরাও মাইকিং করে এসব লুট হওয়া জিনিসপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তখন অনেকে জমাও দিয়েছিলেন। যেগুলো পরে সেনাবাহিনী ও পুলিশ-প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছিল।”

পুলিশের ধারণা, শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদে রেখে গেছেন। মসজিদে সিসিটিভি না থাকায় কে বা কারা সেগুলো রেখে গেছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

তারেক আল মেহেদী বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়াইহাজার থানায় হামলা ও লুটপাট হয়। ওই সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়েছিল।