২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নিখোঁজের ৫ দিন পর মিলল শিক্ষার্থীর লাশ

বাড়ির ৬০০ গজের মধ্যেই মিলল মরদেহ

নেত্রকোণায় নিখোঁজের ৫ দিন পর মিলল শিক্ষার্থীর লাশ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শিক্ষার্থী আপন দাসের লাশ উদ্ধার করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 11:10 AM

Updated : 31 Aug 2022, 11:10 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) শিবিরুল ইসলাম জানান।

আপন দাস (১২) চণ্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের ভবেশ দাসের ছেলে। সে নাগেরগাতী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, আপন শুক্রবার সন্ধ্যায় মায়ের কাছে ভাত চেয়ে হাত-মুখ ধুতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার তার খোঁজ করেও পায়নি।

মঙ্গলবার বিকালে স্থানীয় এক যুবক ক্ষেতের ভিতর মরদেহ দেখতে পায়। তারপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের বোন ঝর্ণা রাণী বাদী হয়ে অজ্ঞাত আসামির নামে হত্যা মামলা করেছেন।

পরিদর্শক বলেন, “বাড়ি থেকে প্রায় ৬০০ গজের মধ্যে লাশটি পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, আপনের কোনো শত্রু নেই। তবে আপনের মা ও ভাইয়ের কথার কিছু গড়মিল পাওয়া যাচ্ছে। আপনের বন্ধু ও এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”