২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, বাসে আগুন

দুর্ঘটনার পর বাস চালক ও তার সহকারীকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনার পর বাস চালক ও তার সহকারীকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ছাড়া ভাঙচুর করা হয় দুর্ঘটনা কবলিত বাসটি এবং পরে একই পরিবহনের আরেকটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম।

নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার সস্তাপুর এলাকার প্রয়াত মোক্তার হোসেনের ছেলে। তিনি ব্যবসার কাজে ইজিবাইকে করে শহরের চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন বলে জানান স্বজনরা।

আহতরা হলেন- ফতুল্লার কায়েমপুরের বাসিন্দা ইজিবাইক চালক মো. রানা (৪৫) এবং সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা আনিছুর রহমান (৩৫)। আনিছুর অপর একটি ব্যাটারিচালিত রিকশার (মিশুক) চালক।

তবে বাস চালক ও তার সহকারীর নাম-পরিচয় জানা যায়নি। তারা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমিত ট্রান্সপোর্ট লিমিটেডের বাসগুলো নারায়ণগঞ্জ শহর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যাত্রী পরিবহন করে। দুপুরে নারায়ণগঞ্জমুখী একটি বাস সামনে থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী ও চালক গুরুতর আহত হন। একই সময়ে পাশে থাকা আরেকটি রিকশায় বাসটি ধাক্কা দিলে চালক সড়কে পড়ে আহত হন।

ওসি শরিফুল বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। অপর দুই চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, ঘটনার পরপর রিকশা চালক ও স্থানীয় লোকজন মৌমিতা ট্রান্সপোর্টের বাসটি ভাঙচুর এবং চালক ও তার সহকারীকে মারধর করে পুলিশে দেন।

এ সময় একই পরিবহনের ঢাকামুখী আরেকটি বাস আটক করে যাত্রী নামিয়ে প্রথমে ভাঙচুর এবং পরে তাতে আগুন দেওয়া হয়। এ ছাড়া বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে রাখেন। এতে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক এবং মারধরে আহত বাস চালক ও তার সহকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি শরিফুল।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।