লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
ঘটনার সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা বিএনপির এক নেতাকে পিস্তল ঠেকানোর অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা বিএনপির এক নেতাকে পিস্তল ঠেকিয়ে আটকে রাখা অভিযোগ উঠেছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় ‘বিকেবি ব্রিকসে’ এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান।
আহত আবুল বাশার বসু কোম্পানি ‘বিকেবি ব্রিকস’ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বাশার ট্রেডার্সের’ স্বত্বাধিকারী। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার সময় বসুর সঙ্গে থাকা রিয়াজ উদ্দিন মাহমুদ মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও ভুক্তভোগী জানান, মান্দারীর মটবি এলাকায় এলজিইডির প্রায় এক কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ করছেন বসু। ওই কাজের জন্য যুবদল কর্মী বাহার তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে বসু টাকা দিতে রাজি হয়নি।
সকালে বাহার তার লোকজন নিয়ে বসুর মালিকানাধীন ইটভাটায় যান। সেখানে বসুর মাথায় রড দিয়ে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকানোর অভিযোগ উঠেছে। পরে হামলাকারীরা চলে গেলে, বসুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি নেতা রিয়াজ উদ্দিন বলেন, “বাহার চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী। তিনি আমাকে মারতে গিয়ে পিস্তল ঠেকিয়েছেন। এ সময় বসুকে মারধর করেছে তারা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার পদ-পদবি জানা যায়নি।
এ বিষয়ে জানতে বাহার উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
