২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির লোভে মা-ছেলেকে খুনের পর গুম, ২ বছর পর পুকুর খুঁড়ে কঙ্কাল উদ্ধার

দুই বছর ধরে তারা নিখোঁজ ছিলেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 12:23 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সম্পত্তির লোভে মা ও ছেলেকে খুনের পর লাশ গুম করে ফেলা হয়েছিল। দুই বছর ধরে তারা নিখোঁজ ছিলেন। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি, দুই বছর পর পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে। 

সিআইডি নোয়াখালীর ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. রাইছুল ইসলাম বলেন, রোববার দুপুরে জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। কমলা বেগম ওই এলাকার আবুল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী।

মামলার বরাতে পুলিশ জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশু ছেলে নোমানকে হত্যা করা হয়। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে তাদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি নিয়মিত (জিআর) মামলা হয়। ওই মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। 

দীর্ঘ তদন্তের পর পুলিশ আবুল কালাম আজাদের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান রাজু, সাগর ও ওই পক্ষের ছেলের ঘরের নাতি টিপুকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ দুটি উদ্ধার করা হয়। 

এদিকে লাশ উদ্ধারের সময় এলাকাবাসী সেখানে বিক্ষোভ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতেদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।