সিলেটে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার এসআই দেবাংশু পাল বাদী হয়ে একটি মামলা করেন।
সিলেট নগরীতে আটটি গুলিসহ লুট হওয়া পুলিশের অস্ত্র ১২ দিনেও উদ্ধার হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, “খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। পুলিশ সদস্যকে মারধর ও অস্ত্র লুটের মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
মামলায় বলা হয়েছে, ১৮ জুলাই দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ সদস্যকে মারধর ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এএসআই বকুলকে। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার এসআই দেবাংশু পাল বাদী হয়ে একটি মামলা করেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেছিলেন, “সন্ত্রাসীরা পুলিশ সদস্যের ওপর হামলা করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আহত পুলিশ সদস্যের কেউ কেউ চিকিৎসা নিয়ে বাসায় আছেন। হাসপাতালেও চিকিৎসাধীন আছেন কয়েকজন।
“দক্ষিণ সুরমায় একজন এএসআইকে যেভাবে মারধর করা হয়েছে তার মাথায় হেলমেট না থাকলে হয়তো মেরেই ফেলা হতো। তার পা ভেঙে গেছে। তার অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।”
