২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সড়ক দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে প্রশাসন

“ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমাদের কাজে বাধা দেওয়া হয় এবং আদালতের ওপর চড়াও হয়।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 02:19 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

শেরপুরের নালিতাবাড়িতে সড়ক দখলমুক্ত করতে অভিযানে যাওয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীরা।

এক পর্যায়ে উত্তেজনার মুখে আদালতের কার্যক্রম স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার বিকালে নালিতাবাড়ী পৌর শহরে এ ঘটনা ঘটে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমাসনহ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালতে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান নালিতাবাড়ী শহরের প্রধান সড়কের দুপাশ দখল করে রাখা ব্যবসায়ীদের মালামাল সরিয়ে যানবাহন চলাচল এবং মানুষের যাতায়াত স্বাভাবিক করতে প্রচার চালান।

কিন্তু তারা সরে না যাওয়ায় সোমবার বিকালে শহরের মধ্যবাজার ও কালিবাড়ি এলাকায় প্রধান সড়কের দুই পাশে রাখা ব্যবসায়ীদের মালামাল উচ্ছেদে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রাস্তা দখল করে রাখা মালামাল জব্দ করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।

এক পর্যায়ে নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেনসহ কয়েকজন গিয়ে ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত করতে বলেন। এ সময় উত্তেজিত ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় দায়িত্বে থাকা লোকজন এবং স্বেচ্ছাসেবীদের ওপর চড়াও হন। ফলে ভ্রাম্যমাণ আদালত স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নালিতাবাড়ী ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামের অভিযোগ, মোবাইল কোর্টের নামে তাদের দোকানপাটের মালামাল জব্দ করা হচ্ছিল।

তিনি বলেন, “মোবাইল কোর্ট করার এখতিয়ার প্রশাসনের আছে। আমরা এর সম্মান জানাই। কিন্তু অফিসের লোক নয়, এমন স্বেচ্ছাসেবীদের নিয়ে দোকানে প্রবেশ করে মালামাল নিয়ে যাওয়ার এখতিয়ার তাদের নেই।”

এ বিষয়ে নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, “মোবাইল কোর্টের নামে বারবার ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। ব্যবসায়ীদের মালামাল জব্দ করে নিয়ে যাচ্ছে।

“সোমবার বিকালে উপজেলা প্রশাসন আবার অভিযানে গেলে ব্যবসায়ীরা আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করি। আমি না গেলে পরিস্থিতি আরও খারাপ হতো।”

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, “রাস্তার ওপর মালামাল না রাখতে গত শনিবার আমরা ব্যবসায়ীদের অনুরোধ করে এসেছি। সোমবার যে ঘটনা ঘটেছে তা নিয়ে উপজেলা প্রশাসনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, “শনিবার তাদের প্রাথমিকভাবে অনুরোধ করে প্রচার করে এসেছি। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমাদের কাজে বাধা দেওয়া হয় এবং আদালতের ওপর চড়াও হয়।”

নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।