২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার

রুবেল ভাওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার
রুবেল মোল্লা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 03:56 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস-লেগুনার সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই ইউনিয়নের বানিজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান। 

নিহত রুবেল মোল্লা (৩৬) উপজেলার ভাওড়া ইউনিয়নের আমড়াইল তেলিপাড়া গ্রামের আবুল মোল্লার ছেলে। 

স্থানীয়দের বরাতে এসআই বলেন, সকালে রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস লেগুনাকে ধাক্কা দেয়। 

“এ সময় লেগুনার সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।” 

আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। 

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বলেন, “রুবেল ভাওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। রুবেল ভালো ছেলে ছিল। ছেলেটা কর্মজীবনে গেলেও অবসরে আমাদের সঙ্গে রাজনীতি করত। আমরা ভালো একটা স্বেচ্ছাসেবক লীগের নেতা হারালাম।“