রমজানে দ্রব্যমূল্য নিয়ে ‘খেলাধুলা’ করলে সরাসরি কারাগারে: মন্ত্রী
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস করলে, লাঠিসোঁটা নিয়ে বের হলে- সেটা আপনাদের জন্য মঙ্গল ডেকে আনবে না।”
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করলে ব্যবসায়ীদের জরিমানা না করে সরাসরি কারাগারে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিনি বলেছেন, “রমজান মাসে কোনো রকমের মজুতদারি সহ্য করব না। দ্রব্যমূল্য নিয়ে খেলাধুলা করলে কেউ রেহাই পাবে না। রমজান মাসকে আমরা সবকিছু থেকে মুক্ত রাখতে চাই।”
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ায় তাকে সংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, “আপনারা (বিএনপি) নির্বাচন বানচালের বহু চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে যতক্ষণ আন্দোলনের কথা বলবেন, শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করবেন, আমরা কোনো অসুবিধা করব না। কিন্তু আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস করলে, লাঠিসোঁটা নিয়ে বের হলে- সেটা আপনাদের জন্য মঙ্গল ডেকে আনবে না। জনগণের শান্তি বিঘ্নিত হয়, এমন কোনো কাজ আমরা কখনও হতে দেব না।”
