নরসিংদীতে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নরসিংদীতে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে একটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন; এতে ঢাকা-টঙ্গী-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের কিছু অংশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পাকিজা গ্রুপের প্রতিষ্ঠান মমটেক্স এক্সপো লিমিটেডের হাজার খানেক শ্রমিক সোমবার দুপুর ১২টার পর থেকে আঞ্চলিক সড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ শুরু করে। পরে মালিকপক্ষ দাবি মেনে নিলে দুপুর ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ।
মাধবদী থানার এসআই মো. ইলিয়াছ মিয়া জানান, সড়কের যে জায়গায় শ্রমিকরা অবস্থান নেন সেখান দিয়ে মহাখালী থেকে টঙ্গী, ঘোড়াশাল, নরসিংদী, পাঁচদোনা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও কিশোরগঞ্জের গাড়ি চলাচল করে। অবরোধের পর যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর থেকে যানজট স্বাভাবিক হচ্ছে বলে জানায় পুলিশ।
মমটেক্স এক্সপো লিমিটেডের একজন নারী বলেন, “আমি দুই বছর ধরে এখানে কাজ করছি। ছুটির দিনসহ অন্যান্য দিনে ওভারটাইম কাজ করেও টাকা পাচ্ছি না। বেতনের টাকাও কিস্তিতে দেওয়া হয়। দুই-তিন মাস পর পর বেতন দেওয়া হয়।
“এতে বাড়িভাড়া ও দোকান বকেয়া পড়াসহ পরিবার নিয়ে করতে কষ্ট হচ্ছে। মাঝেমেধ্যে কারখানায় আসার ভাড়ার টাকাও থাকে না।”
একাধিক শ্রমিক অভিযোগ করেন, বকেয়া বেতন চাইলে বেতন না দিয়ে উল্টো তাদের চাকরিচ্যুত করা হয়। পরিবারের কেউ মারা গেলেও শ্রমিকদের ছুটি দেওয়া হয় না। নিয়মিত মেডিকেল ছুটিও মঞ্জুর করে না। ১০-১৫ মিনিট আগে কারখানা থেকে বের হয়ে গেলে পুরো দিনের মজুরি কেটে রাখা হয়। ওভারটাইম এবং ঈদ বোনাস নিয়েও গড়িমসি করছে কারখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে মমটেক্স এক্সপো লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাশার বলেন, “গত মাসের বকেয়া বেতন আজকের মধ্যেই পরিশোধ করা হবে। আগের সব বকেয়া ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।”
নরসিংদীর বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার পর থেকে ওই সড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
