যুবককে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল হাতি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাঠের ফসল বাঁচাতে বন্যহাতি তাড়াতে গিয়েছিলো এক যুবক। এ সময় হাতি শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে তাকে।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ জানান, উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসী পাড়ায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
ওসি বলেন, ভারতের বেদগড়া থেকে হঠাৎ একদল বন্যহাতি সন্ন্যাসী পাড়ার কৃষকদের ফসলের মাঠে নেমে আসে। এ সময় গ্রামের আট নয়জন হাতি তাড়াতে মাঠে যান। ওই সময় বন্যহাতিও গ্রামবাসীদের তাড়া করে। এ সময় বাকিরা পালিয়ে যেতে পারলেও নুরুলকে শুঁড়ে আটকে আছাড় মারে হাতি।
স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
