চুয়াডাঙ্গায় বিআরটিএ পরিদর্শকের লাশ উদ্ধার
নিজের ঘর থেকে সায়ফুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গায় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টায় শহরের জেলা পরিষদ ডাকবাংলোর একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান।
তিনি আরও বলেন, চল্লিশোর্ধ্ব সায়ফুল্লাহ ওখানেই থাকতেন। সকালে কর্মস্থলে না যাওয়ায় সহকর্মীরা তার ফোনে কল দেন। সেটি রিসিভ হয়নি। পরে ডাকবাংলোতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান।
এরপর তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘরের দরজা ভেঙে সায়ফুল্লাহর লাশ উদ্ধার করে। এ সময় বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী ও একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
ওসি আরও জানান,মরদেহের ময়নাতদন্ত হবে। তারপরই মৃত্যুর কারণ জানা যাবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজিদ হাসান বলেন, লাশ উদ্ধারের সময় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সায়ফুল্লাহ মৃত অবস্থায় বিছানায় ছিলেন। লাশ দেখে মনে হয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে মারা গেছেন।
