জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হতে আগ্রহী খুলনার ৭ নেতা
প্রার্থীরা নিজেদের মতো করে কেন্দ্রে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন খুলনার সাত আওয়ামী লীগ নেতা।
১৭ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনকে সামনে রেখে নেতারা কেন্দ্রের পাশাপাশি স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। যদিও আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের মধ্যে এ নিয়ে কোনো তৎপরতা নেই। বিএনপি আগেই এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, খুলনা জেলা পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক শেখ হারুনুর রশীদের নাম।
বিগত নির্বাচনে শেখ হারুনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন অজয় সরকার। যদিও এখন পর্যন্ত তার কোনো তৎপরতা দেখা যায়নি।
শেখ হারুনুর রশীদ বলেন, “হাইকমান্ডের সিদ্ধান্তে ছয়বার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েছি। প্রার্থিতার বিষয়ে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।”
এবারের নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী অন্য ছয় নেতা হচ্ছেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলওয়ারা বেগম।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের কাছে মনোনয়ন চাইবেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী বলেন, “দলের নেতাকর্মীদের থেকে অনুরোধ আসছে। আমি দলের কাছে মনোনয়ন চাইব।”
অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান জানান, দল চাইলে প্রার্থী হতে আপত্তি নেই এবং এ বিষয়ে তার সব ধরনের প্রস্তুতি রয়েছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ীই কাজ করব।”
২০১৬ সালের প্রথম জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এবার এই নির্বাচন নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।
একই কথা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান।
২৩ অগাস্ট নির্বাচন কমিশন তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ৬১ জেলা পরিষদে ভোটের তফসিল ঘোষণা করেন। এতে সারা দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত ৬৩ হাজারের বেশি জনপ্রতিনিধি ভোট দেবেন।
তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, এবারের নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। এতে প্রথমবারের সঙ্গে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের সংখ্যায় কিছু পার্থক্য হবে।
আগে প্রতি জেলায় ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকার বিধান ছিল। তা সংশোধন করে প্রত্যেক উপজেলায় (জেলার মোট উপজেলার সমান সংখ্যক) একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হবে।
তিনি আরও বলেন, উপজেলার সংখ্যা যাই হোক, সংরক্ষিত নারী সদস্য দুইজনের কম হতে পারবে না। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দেবেন। জেলা প্রশাসক এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
সংশোধিত আইন অনুযায়ী, এবার খুলনা জেলা পরিষদে ১৩ জন নির্বাচিত হবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৭৮ জন। তাদের ভোটে একজন চেয়ারম্যান, নয়জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
খুলনা সিটি করপোরেশনের মেয়র, ৩১ কাউন্সিলর, ১০ সংরক্ষিত কাউন্সিলর, ৬৮ ইউপি চেয়ারম্যান, নয় উপজেলা চেয়ারম্যান, ১৮ ভাইস চেয়ারম্যান, সব সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য ভোটার।
আরও পড়ুন:
