২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাড়া নিয়ে দ্বন্দ্বে’ যাত্রীর মারপিটে ইজিবাইক চালকের মৃত্যু

ভাড়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে চালককে বেধরক মারপিট করা হয় বলে জানা গাইবান্ধা পুলিশ।

‘ভাড়া নিয়ে দ্বন্দ্বে’ যাত্রীর মারপিটে ইজিবাইক চালকের মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 11:45 PM

Updated : 09 Apr 2024, 11:45 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘ভাড়া নিয়ে দ্বন্দ্বে’ যাত্রীর মারপিটে এক ইজিবাইক চালক মারা গেছেন।

সোমবার সন্ধ্যার পর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম।

নিহত রাসেল মিয়া (৩০) খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাসেলের বাবা থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানায়, বিয়ের পর থেকে রাসেল তার শ্বশুর বাড়ি মোজাহিদপুর গ্রামে বসবাস করতেন। ঘটনার দিন মোজাহিদপুর এলাকার এক ব্যক্তি রাসেল মিয়ার ইজিবাইক ভাড়া করে পলাশবাড়ী শহরে যান।

সেখানে কাজ শেষে ওই ব্যক্তি আবারও রাসেলের ইজিবাইকে করে মোজাহিদপুর ফেরত আসেন। আসা যাওয়ার ভাড়া নিয়ে ওই যাত্রীর সঙ্গে রাসেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেলকে বেধরক মারপিট করেন তিনি।

গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে শ্বশুর বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান বলে জানায় স্বজনরা।

ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল পাঠান। সেইসঙ্গে ওই যাত্রীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।