২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাংবাদিক শামসকে কাশিমপুর থেকে আবার কেরাণীগঞ্জের কারাগারে স্থানান্তর

একদিন আগেই কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছিল এই সাংবাদিককে।

সাংবাদিক শামসকে কাশিমপুর থেকে আবার কেরাণীগঞ্জের কারাগারে স্থানান্তর

রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 11:53 AM

Updated : 01 Apr 2023, 09:44 PM

সাংবাদিক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আবার ঢাকার কেরাণীগঞ্জের কারাগারে পাঠানো হয়েছে।

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ এই পদক্ষেপ বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ জানিয়েছেন।

প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার নেওয়া হয়েছিল কেরাণীগঞ্জের কারাগারে। সেখান থেকে শুক্রবার দুপুরে তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। একদিন বাদে আগের কারাগারে পাঠানো হল।

কাশিমপুরের কারা কর্মকর্তা শাহজাহান আহমেদ বলেন, “রাতে তিনি (শামস) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সাধারণ সেলে বন্দি হিসেবে ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (শনিবার) সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”

পুরনো খবর:

জামিন নাকচ, সাংবাদিক শামস কারাগারে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাংবাদিক শামস
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন আবার বিতর্কে
ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে স্থগিত করুন: জাতিসংঘের মানবাধিকার প্রধান

স্বাধীনতা দিবসে এক সংবাদ প্রতিবেদনের জেরে বুধবার ভোররাতে সিআইডি পরিচয়ে শামসকে তার সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয়।

পরে ওই প্রতিবেদনে ‘মিথ্যা ও জাতির জন্য মানহানিকর’ তথ্য-উপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে সেই রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় শামসের বিরুদ্ধে। পরে আরেকটি মামলা হয়, সেই মামলায় শামসের সঙ্গে প্রথম আলোর সম্পাদককেও আসামি করা হয়।

পরের মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার শামসকে ঢাকার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

শামসকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আসছে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো। তাকে গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ অবিলম্বে স্থগিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার টুর্ক।