২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্রেপ্তারের পরদিন সাবেক কাউন্সিলরের বাড়িতে আগুন

পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 02:41 PM

Updated : 28 Nov 2026, 02:41 PM

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর একদিন পর শনিবার সকালে মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লাকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর পরদিন শনিবার সকাল ৬টার দিকে একদল লোক তার বাড়িতে আগুন দেয়। আগুন দ্রুত ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় বাড়ির একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট চালানো হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক বলেন, শনিবার সকাল ৭টার দিকে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাইজুদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি রহস্যজনক। বাড়িতে প্রবেশ করতে তিন স্তরের নিরাপত্তা পার হতে হয়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।