২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের ‘বিকৃত ছবি’ পোস্ট: চাঁদপুরে জামায়াত নেতাকে অব্যাহতি

এ ঘটনায় সকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তারেক রহমানের ‘বিকৃত ছবি’ পোস্ট: চাঁদপুরে জামায়াত নেতাকে অব্যাহতি
অব্যাহতি পাওয়া ইলিয়াস হোসেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 10:15 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেত্রী রুমি ফারহানার ‘বিকৃত ছবি’ ফেইসবুকে শেয়ার করার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা জামায়াতের এক নেতাকে অব্যাহতি দিয়েছে দলটি। 

শুক্রবার রাতে চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া মাওলানা ইলিয়াস হোসেন উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামাতের আমির। তার সদস্য পদ তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।

এদিকে ফেইসবুকে ছবি শেয়ার ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা কমিটি।

সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান মিয়া বলেন, হামলার ঘটনায় জামায়াতের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, “বৃহস্পতিবার রাতে গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ফেইসবুকে তারেক রহমান ও রুমি ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করেন।

“সকালে বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসা করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।”

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নেতা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, “রাতেই পোস্টটি মুছে দেওয়া হয়েছে। এ ঘটনায় ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেইসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট দিয়েছেন।

“তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকের প্রস্তুতি নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা চালায়। এতে জামায়াতের বেশকিছু নেতাকর্মী আহত হন।”

ওসি মহিউদ্দিন ফারুক বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি।

ফেইসবুকে 'বিকৃত ছবি' পোস্ট, চাঁদপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ২০