ফেইসবুকে ‘বিকৃত ছবি’ পোস্ট, চাঁদপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ২০
জামায়াতের এক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেত্রী রুমি ফারহানার ‘বিকৃত ছবি’ ফেইসবুকে শেয়ার করায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি ফেইসবুকে শেয়ার করার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, “বৃহস্পতিবার রাতে গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ফেইসবুকে তারেক রহমান ও রুমি ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করেন।
“সকালে বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসা করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।”
হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নেতা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, “রাতেই পোস্টটি মুছে দেওয়া হয়েছে। এ ঘটনায় ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেইসবুকে দুঃখ প্রকাশ করে আরও একটি পোস্ট দিয়েছেন।
“তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকের প্রস্তুতি নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা চালায়। এতে জামায়াতের ১০ থেকে ১২ নেতাকর্মী আহত হন।”
তারেক রহমান ও রুমি ফারহানার বিকৃত ছবিটি অসাবধানবশত ফেইসবুক শেয়ার হয়েছে দাবি করে জামায়াত নেতা ইলিয়াস হোসেন বলেন, “রাতে বিষয়টি কয়েকজন আমাকে জানালে, সঙ্গে সঙ্গে তা ডিলেট করে দেই। পরে ফেইসবুকে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেই। তারপরও সকালে বৈঠক বসার আগে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।”
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ওসি মহিউদ্দিন ফারুক বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি।
