২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, গরম কাপড়ের দোকানে ভিড়

শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, গরম কাপড়ের দোকানে ভিড়
শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 11:19 AM

Updated : 26 Aug 2026, 05:15 PM

কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে পড়ছে ঘন কুয়াশা। বইছে হিমেল হাওয়া। ফলে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশায় সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। 

শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। 

এদিকে শীতের তীব্রতা ও ঠান্ডা বাড়ায় জেলার বিভিন্ন শপিংমল ও ছোট বড় দোকানগুলোতে গরম কাপড় কেনার ভিড় বেড়েছে ক্রেতাদের।

কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট, নছর উদ্দিন মার্কেট ও ফুটপাতের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। 

সল্প আয়ের মানুষের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকানগুলো। সাধ্যমত তারা কিনছেন গরম কাপড়। প্রকারভেদে সোয়েটার বিক্রি হচ্ছে ৩০০- ৫০০ টাকা, জ্যাকেট বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকা।

শুক্রবার গরম কাপড় কিনতে আসা যাত্রপুর ইউনিয়নের আমিনুল ইসলাম (৫০) বলেন, “ঘন কুয়াশা ও ঠান্ডায় কাজ কাম করতে পারি নাই। হাতে টাকা নাই তাই ধার দেনা করে বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশি। 

তিনি বলেন, “ছোট বাচ্চার একটা সোয়েটার ৫০০ টাকা দিয়ে কিনলাম।অথচ আগে এই সোয়েটার ছিল ২০০- ৩০০ টাকা।”

মরিয়ম বেগম (৫০) বলেন, “ঠান্ডা বেড়ে যাওয়ায় ছেলে-মেয়েদের জন্য গরম কাপড় কিনতে এসেছি। এসে দেখি যে কাপড়ের দাম গতবারের চেয়ে অনেক বেশি। কিন্তু ঠান্ডাতো তাই বেশি দাম দিয়েই কিনলাম।”

এদিকে জেলায় সন্ধ্যার পর থেকে সকাল ১০-১১টা পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা  কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে আবহাওয়ার পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু-বৃদ্ধরা।

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুয়াশা পড়ার সাথে দিন-দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে এ জেলায়। 

জেলায় গড়ে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঘণ্টায় ১০ হতে ১৪ কিলোমিটার বাতাসের বেগ বিরাজ করছে বলেও জানান তিনি।