Published : 22 Jul 2026, 05:02 PM
লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে চোরাচালান মামলায় এক ভারতীয় ট্রাকচালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আলম মিলন।
দণ্ডপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরো পয়েন্টে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা অভিযান চালান। এ সময় সমীর পালের চালানো একটি ভারতীয় ট্রাক আটক করা হয়।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৭২ কেজি সিসা সদৃশ বস্তু, ওসিমিন ৮০ এমজি ট্যাবলেট এক হাজার ৫০০টি এবং ওসিমার্ট ট্যাবলেট এক হাজার ৫০০টি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি। এসব পণ্যের মোট মূল্য প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা।
এ ঘটনায় প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ট্রাকটিও জব্দ করা হয়।
৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়।
সামসুল আলম মিলন বলেন, “আলামতসহ আসামিকে গ্রেপ্তার করায় আদালতে অপরাধ প্রমাণ করা সহজ হয়েছে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। রায়ে আমরা সন্তুষ্ট।”
আদালত নির্দেশ দিয়েছেন, সাজা শেষ হওয়ার পর সমীর পালকে নিজ দেশে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
এ ছাড়া জব্দ করা ট্রাক বিক্রি করে পাওয়া টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে।