জামালপুরে ‘চোর সন্দেহে’ ট্রাক চালকের সহকারীকে পিটিয়ে হত্যা
ভোররাতে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করলে রিপনকে গণপিটুনি দেয় গ্রামবাসী।
জামালপুরের মেলান্দহ উপজেলায় চোর সন্দেহে ট্রাক চালকের এক সহকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ভোররাতে উপজেলার পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায়।
নিহত রিপন মিয়া (৪৫) ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন।
পুলিশ পরিদর্শক স্নেহাশীষ রায় বলেন, ভোররাতে রিপন প্রতিবেশী বুরহান উদ্দিনের বাড়িতে প্রবেশ করেন। গ্রামবাসী চোর সন্দেহে তাকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
তবে রিপনের বাবা মোজাম্মেল হকের অভিযোগ, “আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পলাশতলা গ্রামের কছর উদ্দিনের চার ছেলে মাওলানা, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন ও রাজু পরিকল্পিতভাবে হত্যা করে চুরির অপবাদ দিয়েছে।”
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন রিপনের স্বজনরা।
ঘটনার পর থেকে পালাতক আছেন মাওলানা, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন ও রাজু। এ বিষয়ে জানতে তাদের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
