১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২

“ হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যান।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 01:34 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান। 

নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাস চালক ৫০ বছর বয়সী আব্দুল বাসেত।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলফুল ক্যাম্পের কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহে ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেতসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যান।”

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।