প্যারোলে মুক্তি, হাতকড়া নিয়েই মুক্তিযোদ্ধা বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা
কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থাতেই বীর মুক্তিযোদ্ধা বাবার জানাজায় অংশ নিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র কামাল হোসেন শেখ।
শনিবার রাতে প্যারোলে মুক্তি পেয়ে তিনি তার বাবা শেখ লুৎফর রহমানের (৯৭) জানাজায় অংশ নেন। পরে রাতেই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
লুৎফর রহমান শুক্রবার গভীর রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে পৌরসভার ডহরপাড়া গ্রামের বাসভবনে মারা যান। তিনি কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন।
এ ছাড়া তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা প্যারোলে মুক্তির আবেদন জানান। তখন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে বাড়ি নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তখন সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।
মধ্যরাতের দিকে কোটালীপাড়া পৌর ভবনের মাঠে জানাজায় তিনি সমবেত লোকজনের উদ্দেশে তার বাবার জন্য দোয়া করার আহ্বান জানান।
জানাজা শেষে পৌর এলাকার কয়খা পঞ্চপল্লী কবরস্থানে শেখ লুৎফর রহমানকে দাফন করা হয়।
পরে রাতেই কামাল হোসেন শেখকে আবার গাজীপুরে নিয়ে যাওয়া হয়।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, কামাল হোসেন শেখের বিরুদ্ধে জুলাই গণঅভূত্থানের ঘটনায় ঢাকা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
