১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘ডিবি পরিচয়ে’ প্রাইভেট কার থামিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

শাহজাদপুর থেকে প্রাইভেট কারে চারজন উল্লাপাড়ায় ফেরার পথে তাদের পথরোধ করে চাঁদা দাবি করা হয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে ‘ডিবি পরিচয়ে’ প্রাইভেট কার থামিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 04:22 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ডিবি পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ (৩৫) উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে। 

ওসি মেহেদী হাসান বলেন, উল্লাপাড়ার চার ব্যক্তি শাহজাদপুর থেকে প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছলে কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৫ থেকে ১৬ যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেট কারটি থামান।

এরপর তারা প্রাইভেট কারে থাকা যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকায় ফাঁকা স্থানে নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় যাত্রীদের একজন কৌশলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান।

ওসি মেহেদী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্যরা পালিয়ে গেলেও সোহাগকে আটক ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়ার সোলায়মান হোসেন মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গ্রেপ্তার সোহাগকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।