শাবিতে খেলার মাঠে মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ শিক্ষক আহত
তখন বাংলা বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত খেলা চলছিল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট খেলায় ‘বাজে মন্তব্যকে’ কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।
তখন বাংলা বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত খেলা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, খেলায় ১৭তম ওভারে ফিল্ডিং করা লোকপ্রশাসন বিভাগের এক খেলোয়াড়কে ‘বাজে মন্তব্য’ করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এতে করে দুই বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় ঘটনার উত্তপ্ততায় এক পক্ষ অন্য পক্ষকে লাঠি, চেয়ার ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
কয়েক দফা সংঘর্ষের পর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, দুই বিভাগের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ওমর ফারুক ও মো. জাহাঙ্গীর আলম এবং লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আবদুল বাসিত আহত হন। এর মধ্যে শিক্ষক আশরাফ সিদ্দিকী ও আব্দুল বাসিত বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া উভয় বিভাগের অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
লোকপ্রশাসন বিভাগের আহত শিক্ষার্থীরা হলেন- ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহফুজ আলম মিঠুন, ২০২০-২১ শিক্ষাবর্ষের রেদুয়ান করিম, ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাজিদ আবরার, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফারদিন ইসলাম সীমান্ত ও মাহফুজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নোহান ইমতিয়াজ ও ইহসানুল হক মিলন।
এদের মধ্যে ফারদিন ও সাজিদ বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসাপাতলে চিকিৎসাধীন। তবে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের আহত শিক্ষার্থীরা হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাহবুবুর রহমান, ২০২০-২১ শিক্ষাবর্ষের সোহানুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের শাকিল শাহরিয়ার, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নওশাদ খান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. রাহুল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের যশমন্ত মল্লিক। এদের মধ্যে সোহানুর ও যশমন্তকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তাদের সহপাঠীরা।
এ বিষয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক রেজাউল ইসলাম বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা উত্তর পশ্চিম কোণায় ছিল। লোকপ্রশাসনের শিক্ষার্থীরা দক্ষিণ-পশ্চিম দিক থেকে এসে আক্রমণ করেছে। আমাদের বিভাগের শিক্ষার্থীরা মাঠে যায়নি। এর আগে থেকেই বার বার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে লোকপ্রশাসনের শিক্ষার্থীরা। উত্তেজনাকর পরিস্থিতিতে অনেকেই আহত হয়েছে। যাই ঘটুক, সবাই আমাদের শিক্ষার্থী।”
এদিকে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “ফাইনাল খেলা দেখতে মাঠে গিয়েছিলাম। আমাদের একজন খেলোয়াড়কে স্লেজিং করেন। ওই খেলোয়াড় মনে হয় প্রতিক্রিয়ায় কিছু বলেছিল। এরপর আমাদের খেলোয়াড় শিক্ষার্থীকে বাংলা বিভাগের শিক্ষাথীরা মারধর শুরু করেন।
“পরবর্তীতে আমাদের বিভাগের শিক্ষার্থীরা তা দেখে সেখানে যায়। পরে উভয় পক্ষের মধ্যে মারামারি বাঁধে। আমি আটকাতে গেলে একজন আমার চোখের দিকে ঘুষি মারে। আহত হয়ে পড়ি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দ্রুতই সমাধান করবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “শিক্ষার্থীদের এই সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ন্যায্যতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করছে।”
প্রক্টরিয়াল বডির সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, “প্রক্টরিয়াল বডির সদস্যসহ আমাদের চারজন শিক্ষক আহত হয়েছেন। শিক্ষকরা এভাবে লাঞ্ছিত হওয়া কোনোভাবেই কাম্য নয়। যারা ছাত্রসুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালককে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রক্টর।
