জাবিতে কেন পাখি কমে গেছে
শিক্ষার্থীদের অভিযোগ, অতিথি পাখির আবাসস্থল নিয়ে প্রশাসনের মাথাব্যাথা নেই; তারা দায় এড়িয়ে চলেন।
শীত মৌসুমে অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার দশক আগে প্রচুর অতিথি পাখির আনাগোনা থাকলেও এখন নেই বললেই চলে।
প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর-জানুয়ারিতে সুদূর সাইবেরিয়া অঞ্চল থেকে পাখির ঝাঁক আসতে থাকে। কিন্তু এ বছর চিত্র ভিন্ন; ক্যাম্পাসের একটি সংরক্ষিত লেক ছাড়া আর কোথাও অতিথি পাখির দেখা মিলছে না।
বিশেষজ্ঞরা বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখির প্রথম দেখে মেলে ১৯৮৬ সালে। এরপর থেকে প্রতিবছরই অতিথি পাখি আসে এখানে।
ক্যাম্পাসে বহুতল ভবন তৈরির শব্দ, পানির গুণগত মান নষ্ট হওয়া, লেকগুলোর সুয়ারেজ সিস্টেম না থাকা ইত্যাদি কারণে পাখির আবাসস্থল সংকুচিত হয়েছে। ফলে গত কয়েক বছরে অতিথি পাখিরা ক্যাম্পাস বিমুখ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমান পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯০ এর দশকে যখন আমরা ছাত্র ছিলাম তখন এত পাখি ছিল যে, উড়লে আকাশ কালো হয়ে যেত। তখন প্রত্যেকটা লেকে অজস্র পাখির বিচরণ ছিল।
“কিন্তু গত পাঁচ বছরে অতিথি পাখি আসা এতটাই কমেছে যে, শুধু একটা সংরক্ষিত লেকে এসে জমা হচ্ছে। তাও সংখ্যায় খুবই কম। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় মূলত এ বিপর্যয় ঘটেছে।”
ক্যাম্পাসে পাখি না আসার কারণ হিসেবে দর্শনার্থীরদের দুষছেন জামাল। বলেন, “অনেক দর্শনার্থী আসছে, বিভিন্ন ধরনের ডিস্টার্বেন্স আছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত অপরিকল্পিত উন্নয়নের যে সমারোহ তা পরিবেশকে নষ্ট করেছে। লেকগুলো তার বৈশিষ্ট্য হারাচ্ছে, সেখানে সুয়ারেজ লাইন না থাকাতে পানির গুণগত মান কিংবা লেকের কাছে বহুতল ভবন হওয়াতে পাখিদের বিচরণ করার জোন হারাচ্ছে।”
অতিথি পাখি না আসার পেছনে অপরিকল্পিত উন্নয়নও অনেকাংশ দায়ী বলে মনে করেন তিনি। বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় সাড়ে ১৪০০ কোটি টাকার ২২টি প্রকল্পের কাজ চলমান। এই পুরো প্রকল্পটিই কোনো প্রকার মাস্টারপ্ল্যান ছাড়াই হচ্ছে। মাস্টারপ্ল্যানের মাধ্যমে যদি উন্নয়ন প্রকল্পের কাজ করা হত তাহলে পরিবেশের দিকটি অবশ্যই বিবেচনা করা হত।”
বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং নগর গবেষণা ও নীতি-বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-আইপিডির সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান মনে করেন, ‘সামগ্রিক পরিবেশ’ নষ্ট হওয়ায় অতিথি পাখির দেখা নেই।
তিনি বলেন, “একটা নির্দিষ্ট এলাকার ভবন হতে হয় ওই এলাকার গাছপালার উচ্চতা যতটুকু তার সমান; নয়তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যতগুলো বহুতল ভবন হয়েছে সেগুলো গাছপালার উচ্চতা ছেদ করে উঠেছে।
“অতিথি পাখিরা উপর থেকে যখন একটা অঞ্চলে গাছপালার পরিবর্তে ভবন (বার্ডস আই ভিউ) দেখে তখন স্বাভাবিকভাবেই তাদের মনে হতে পারে ওই অঞ্চলটা তাদের ল্যান্ড করার জন্য উপযুক্ত না। এসব বহুতল ভবনগুলো তৈরির সময়ই আমরা কর্তৃপক্ষকে এসব উদ্বেগের কথা জানিয়েছিলাম। শুধু বহুতল না, স্বাভাবিক ভবনও বেড়েছে অনেক ফলে সবুজ পরিবেশের যে একটা বিষয় ছিল সেটা এখন আর নেই। এসব কারণেই পাখিরা মুখ ফিরিয়ে নিয়েছে।”
ভবন হওয়ার সময় শব্দ দূষণ, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, মানুষের উৎপাত বন্ধ করতে না পারা এসবও পাখি না আসার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
একই কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান। তিনি বলেন, “স্বাভাবিকভাবে পাখির আবাসস্থল যদি ঠিক না থাকে তাহলে সেখানে পাখি কম আসবে, এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ে এখন বহুতল ভবন হয়েছে, ভবন হওয়ার আগে এসব জায়গায় গাছপালা ছিল। এখন গাছপালা নেই, এখানে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে। প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ায় আবাসস্থলও সংকুচিত হয়েছে, তাই অতিথি পাখিও কম এসেছে।”
আগের মত অতিথি পাখি না আসায় হতাশা প্রকাশ করে এর পেছনে প্রশাসনকে দায়ী করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অতিথি পাখির আবাসস্থল নিয়ে প্রশাসনের মাথাব্যাথা নেই; তারা দায় এড়িয়ে চলেন।
আক্ষেপ প্রকাশ করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজানা বলেন, “আগে অতিথি পাখি দেখলে মনটাই ভাল হয়ে যেত। বোরিং লাগলে পাখি দেখতে লেকের পাড়ে চলে যেতাম। এখন তো সেটাও হচ্ছে না। ক্যাম্পাসের বাইরের বন্ধুরা আগে পাখি দেখার জন্য আসতে চাইত, এখন আর আসে না। সব মিলিয়ে পাখির জন্য পরিবেশ ভাল নেই এখন জাহাঙ্গীরনগরে।”
এবারের শীতে ক্যাম্পাসে পাখির কলতান নেই বলেই জানালেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ।
মেঘের ভাষ্য, “পাখি না আসার পেছনে অবশ্যই সুউচ্চ দালান অন্যতম কারণ। এ ছাড়া কনস্ট্রাকশনের কাজের কারণে যে শব্দ হচ্ছে সেটাও কারণ। আরেকটি কারণ হচ্ছে, পাখিদের চারণভূমির যথেষ্ট অভাব। লেকগুলো এবার কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। পাখি যে পানিতে থাকে, খাবার অন্বেষণ করে তাও এবার অপ্রতুল।”
ক্যাম্পাসে আগের মত পাখি না আসার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নরুল আলম বলেন, “আমরা বেশকিছু লেক পরিষ্কার করেছি তারপরও যদি পাখি না আসে তাহলে কী করার আছে। আমরা তো চেষ্টা করে যাচ্ছি।”
“প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখার জন্য বায়োডাইভার্সিটি মাস্টারপ্ল্যানের কাজ চলছে। আশা করি, এই মাস্টারপ্ল্যান সম্পন্ন হলে প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকবে।”
ক্যাম্পাসের লেক পরিষ্কারের ব্যাপারে উপাচার্য বলেন, “শুনেছি ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের সঙ্গে যে জয়পাড়া লেক রয়েছে সেখানে অনেক কচুরিপানা রয়েছে। আমরা সংশ্লিষ্টদের লেক পরিষ্কারের জন্য জানিয়েছি। অনেক লেক পরিষ্কারও করা হয়েছে, কিন্তু সেটা কেন হয়নি আমি জানি না। ওই লেক আমি নিজে দেখতে যাব, সমাধান করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
