Published : 06 Jun 2026, 04:36 PM
নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “গত দুদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এর আগে শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন।
ঘটনার বর্ণনায় পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার বিকালে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এর প্রতিবাদে শনিবার বিকালে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় শাহাদাতের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
এলাকারবাসীর ভাষ্য, এক পর্যায়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখন এলাকার মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার ঘোষণা দেওয়া হয়। এতে আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকেরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে রাতে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
সুধারাম থানার ওসিসহ রদবদল:
এ ঘটনার পরপরই এক বিশেষ আদেশে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ওসি মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানায় এবং হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানায় বদলি করা হয়েছে।
এই রদবদলের আদেশ নিশ্চিত করে এসপি টি এম মোশাররফ হোসেন বলেন, “সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।”
আরও পড়ুন-
নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিল
হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর, অভিযোগ এনসিপি কর্মীদের বিরুদ