২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়কে ঝরল নারীসহ ২ জনের প্রাণ

আলাদা দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জে সড়কে ঝরল নারীসহ ২ জনের প্রাণ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ত্রিমুখী সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2024, 03:53 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আলাদা সড়কে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা এবং একই সড়কের বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান।

নিহতরা হলেন- উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) এবং শেলাচাপড়ি এলাকার প্রয়াত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)।

আহতরা বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি আছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি ওয়াদুদ জানান, সকাল ১১টার দিকে যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হন। এতে আহত হয়েছেন ভ্যান চালক।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে বাঘাবাড়ি গ্যাস অফিসের পাশে ট্রাকের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আরশেদ প্রামাণিক মারা যান। আহত হয় আরও পাঁচজন।

ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করা হয়েছে বলে জানান ওসি ওয়াদুদ।