২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিহত ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া সাংবাদিকদের বলেন, “আমরা কোনো মামলা করিনি। কে মামলা করেছে, সেটাও জানা নেই।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, ব্যবসায়ী ইলিম হোসেন নিহতের ঘটনায় তার সহযোদ্ধা পরিচয়ে আবু সাইদ রাজু নামে এক ব্যক্তি রোববার রাতে মামলাটি করেছেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।  

ব্যবসায়ী ইলিম হোসেন (৪৩) কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার বাসিন্দা।

বাদী আবু সাইদ রাজু উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে।

মামলার পর তিন আসামি গ্রেপ্তার হওয়ার কথা জানালেও তাদের নাম-পরিচয় জানাননি ওসি।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ অগাস্ট ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে ইলিম হোসেন গুলিবিদ্ধ হন। ওই দিন ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। 

গুলিবিদ্ধ ইলিম হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তার মরদেহ দাফন করেন।

মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়াও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা মিজান হোসেন, রতনপুর মহল্লা আওয়ামী লীগের সভাপতি চান্দু মেম্বার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহসিন, সদস্য আবদুর রাজ্জাক, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা, যুবলীগ সদস্য রফিকুল ইসলামের নাম রয়েছে। 

তবে ব্যবসায়ী ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া সাংবাদিকদের বলেন, “আমরা কোনো মামলা করিনি। কে মামলা করেছে, সেটাও আমাদের জানা নেই।”

এ বিষয়ে সোমবার মামলার বাদী মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, “নিহত ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তার পরিবার মামলা করতে চায়নি। আমি ওই হত্যাকাণ্ডের বিচাই চাই, তাই মামলা করেছিল। 

“নিহত ব্যক্তির পরিবারের লোকজনসহ ছাত্র-জনতার আন্দোলনের অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।”