হবিগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পাথর ও বালুবোঝাই ট্রাকে করে পণ্যগুলো পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি।
ভারত থেকে অবৈধপথে আনা বিভিন্ন পণ্য সামগ্রী পাথর ও বালুবোঝাই ট্রাকে করে পাচারের সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান হবিগঞ্জ-৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির একটি দল পথে পাথর ও বালুবোঝাই পাঁচটি ট্রাক ও কভার্ড আটক করে হবিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। পরে সেখানে গাড়িগুলো তল্লাশি করে ভারতীয় বিপুল পরিমাণ ক্রিম, লোশন, জিরাসহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড ও চকলেট পাওয়া যায়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা বলে জানায় বিজিবি।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এসব চোরাচালান রোধ করছে বিজিবি।”
তিনি বলেন, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় নয় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এসব ঘটনায় আটক করা হয়েছে ৩৭ জনকে।
