২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সমাবেশ

সিলেট শহরে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায়ও নিন্দা জানিয়েছেন শিক্ষকেরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 08:31 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি, র‌্যালি ও সমাবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘প্রতিবাদ র‌্যালি ও সংহতি সমাবেশ’ এবং ‘শিক্ষক সমাবেশ’ নামের দুইটি ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জনের মত শিক্ষক অংশগ্রহণ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তরের সামনে জড়ো হন শিক্ষকেরা। পরবর্তীতে একটি র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে রসায়ন বিভাগের অধ্যাপক রেজাউল করিম বলেন, “শিক্ষার্থী, শিশু ও অসহায় মানুষের ওপর যে নির্বিচারে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই।

“ছাত্ররা যে ৯ দফা দাবি দিয়েছে তা যৌক্তিক, আমরা তার সঙ্গে একমত। আমরা চাই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে সঠিক সুষ্ঠু-নিরপেক্ষ বিচার হোক।”

গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম বলেন, “আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিন। শিক্ষার্থীরা এ দেশের হৃদয়ের স্পন্দন, তাদের ওপর আর গুলি চালাবেন না। 

“প্রশাসনের ভাইয়েরা এআন্দোলনের সুফল আপনার সন্তানেরাও নিবে। আপনারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করবেন না।”

তিনি বলেন, “ছাত্র জনতার ওপর আমরা আর গুলি দেখতে চাই না । রাতের বেলায় গণগ্রেপ্তার ও তল্লাসির নামে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “যেসব মন্ত্রীরা গুণ্ডা বাহিনী লেলিয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের চোখে সবাই সমান, অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হাসনাত, গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজইক মিয়া।

এদিকে, সিলেট শহরে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায়ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

শিক্ষকদের পক্ষ থেকে গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম বলেন, আমাদের কর্মসূচি শেষে জানতে পারি শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। শিক্ষকেরা এর তীব্র নিন্দা জানিয়েছে। 

“আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনার বাধা বা হামলা করবেন না। এরকম যদি চলতে থাকে শিক্ষার্থীদের সঙ্গে আমরাও মাঠে নামব”, বলেন এই শিক্ষক। 

আরও পড়ুন

সিলেটে বিক্ষোভ মিছিলে পুলিশের টিয়ারশেল