১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় সাবেক এমপি জিন্নাহ

জেল সুপার বলেন, জানাজা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি আবার কারাগারে ফিরে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 10:24 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজায় অংশ নিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

সোমবার বিকাল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত ছিলেন বলে জানান বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন।

শিবগঞ্জ উপজেলা মহাস্থান এলাকার মরহুম আজিম উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে ও শরিফুল ইসলাম জিন্নাহর ছোট ভাই সাব্বিরুল ইসলাম মুন্না রোববার রাত সাড়ে ১০টায় বাসভবনে মারা যান।

বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন বলেন, ছোট ভাইয়ের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে কারাবন্দি শরিফুল ইসলাম জিন্নাহ প্যারোলে মুক্তির আবেদন করেন। জেলা প্রশাসকের অনুমোদনের পর তাকে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া হয়।

সোমবার বাদ আছর মহাস্থান ঈদগাহ ময়দানে সাব্বিরুল ইসলাম মুন্নার জানাজা হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জেল সুপার আসাদুর রহমান বলেন, জানাজা শেষে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি আবার কারাগারে ফিরে যান।

শরিফুল ইসলাম জিন্নাহ জেলা জাতীয় পার্টির সভাপতি।