‘জমির বিরোধে’ মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
“বাবাকে মোবাইলে ফোনেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘জমি সংক্রান্ত বিরোধের’ জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান জানান।
নিহত সাহেব আলী (৫৩) ঘোড়ামার গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাহেব আলী বৃহস্পতিবার রাত ৯টার দিকে মদিনানগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় সাহেব আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে যান।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মত্যু হয়।
নিহতের ছেলে মো. জয়নাল বলেন, “জমি নিয়ে ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। বাবাকে মোবাইলে ফোনেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”
তবে কে বা কারা হুমকি দিয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি জয়নাল।
ওসি হাবিবুর রহমান বলেন, “সাহেব আলী জমি-জমার ব্যবসা করতেন। জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।”
সাহেবের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
