২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গাছে বাঁধা অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

“বিভৎস এই হত্যাকাণ্ড দেখে পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 04:49 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল ছাই রঙের প্যান্ট। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বাঁধা এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক কিশোর গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাক শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে মুহূর্তেই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এই গ্রামের চমক ফকির বলেন, “বিভৎস এই হত্যাকাণ্ড দেখে পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। এই পরিত্যাক্ত ভিটাটি জঙ্গলে ঘেরা ও জনবসতি না থাকায় অপরাধীরা এই স্থানটি বেছে নিতে পারে।”  

এলাকাবাসী এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।  

ওসি আমিনুল ইসলাম বলেন, “নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যার র কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।