২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মারধরে আহত সেলুন মালিকের মৃত্যু

“তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।”

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 09:34 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

কিশোরগঞ্জে ‘স্থানীয়দের মারধরে’ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে রোববার ভোরে রবি দাশ জীবনের মৃত্যু হয় বলে করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিক জানান।

নিহত ২২ বছর বয়সী হৃদয় রবিদাস করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বারুকবাজার চান্দাবাড়ী এলাকার যোগেস রবিদাসের ছেলে।

স্থানীয়দের বরাতে হৃদয়ের মা আনন্তি রবিদাস বলেন, শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার ছেলেকে ধরে নিয়ে যায়। পরে তাকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ভূঁইয়া বাজারে নিয়ে মারধর করে। এরপর গুরুতর অবস্থায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, “আমার সন্তানকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করে আমার কোল খালি করা হয়েছে। আমি সন্তান হত্যার বিচার চাই।”

আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম পলাশ বলেন, “আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় রবি দাশের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।”

তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি শামসুল আলম বলেন, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি।