নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র ঠেকাতে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেছেন, “অবৈধ অস্ত্র শুধু নির্বাচনে নয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে যেকোনো সময় আসতে পারে। সীমান্ত এলাকা দিয়ে যেন অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বুধবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ নগরে বিজিবির সেক্টর সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিজিবির কার্যক্রম তুলে ধরেন।
কুড়িগ্রামের রৌমারী থেকে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পর্যন্ত এক হাজার ২০৪ কিলোমিটার পর্যন্ত এলাকা নিয়ে বিজিবির ময়মনসিংহ সেক্টর।
সংবাদ সম্মেলনে এসব এলাকায় চোরাচালান, মাদক পাচার, ‘পুশইন’, জালনোট পাচার এবং পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে বিজিবির চালানো অভিযানের সাফল্য তুলে ধরেন কর্নেল মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে থাকা শাখাগুলো ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৭৫৪ কোটি ১৫ লাখ টাকার মালামাল জব্দ করেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চালানো অভিযানে ৭১০ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও ৬৪ জনকে আটক করা হয়। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৪৩ কোটি ৫৮ লাখ টাকার মাদক ও ৩৩০ জনকে আটক হয়।
এর মধ্যে ময়মনসিংহ সেক্টর একা ৫৫ কোটি ৯৪ লাখ টাকার চোরাচালান পণ্য ও ১৪ জনকে আটক এবং চার কোটি ৬৪ লাখ টাকার মাদকসহ ১০০ জনকে গ্রেপ্তার করে বলে জানান কর্নেল মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিজিবি কঠোরভাবে অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ করছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মত পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ দমনে চালানো বিশেষ অভিযানে ১৮ জনকে আটকসহ নয় লাখ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু ও চার লাখ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর জব্দ করা হয়।
এসব অভিযানে ট্রাক ২৭টি, ট্রলি ৭৫টি, ট্রাক্টর ৪৫টি, লরি ১৮টি এবং নৌকা ৪০টি জব্দ করা হয় এবং বহু সরঞ্জাম ধ্বংস করা হয় বলে জানান কর্নেল মোস্তাফিজুর রহমান।
সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের পাশাপাশি ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল সার্ভেইলেন্সের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
