খুলনায় তিন দশকের রেকর্ড ভাঙল তাপমাত্রা
বুধবার এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চলতি মৌসুমে টানা ৩২ দিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এর মধ্যে খুলনা জেলার তাপমাত্রা ৩০ বছরের রেকর্ড ভেঙেছে।
খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বুধবার খুলনার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
তীব্র তাপপ্রবাহে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা জেলা প্রশাসন। এতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সময় বিশেষ প্রয়োজন ছাড়া রোদের মধ্যে বাইরে বের না হওয়া ও অসুস্থবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াসহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনায় দিন দিন জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হচ্ছে; এর ফলে তাপমাত্রা বৃদ্ধিসহ প্রাকৃতিতে নানা প্রভাব পড়ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা।
প্রচণ্ড গরম ও কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবন। প্রখর রোদকে সঙ্গী করে যে সকাল শুরু হচ্ছে, তা দুপুর নাগাদ অসহনীয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে পথ-ঘাট সব কিছুই উত্তপ্ত হয়ে উঠছে।
এ অবস্থায় নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। পথের পাশে একটু ছায়া পেলেই সেখানে বিশ্রাম নিচ্ছে মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক-শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ।
নগরীর মোড়ে মোড়ে শরবত বিক্রি হচ্ছে। পিপাসা ও একটু স্বস্তি পেতে ঠাণ্ডা লেবুর শরবত পান করছেন লোকজন। বেড়েছে তাপপ্রবাহজনিত রোগ। বেশি ভুগছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধরা।
পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক স্থানে নলকূপ ও পাম্পে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। বিশেষ উচ্চ তাপমাত্রায় হুমকির মুখে পড়ছে কৃষি, মৎস্যসহ উৎপাদন খাত।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, গাছ-পালা কাটা হচ্ছে, জলাশয় ভরাট হচ্ছে। জলাশয় ভরাটের কারণে হিমালয় থেকে পানি আসছে না।
“বঙ্গোপসাগরের পানি উপরে এসেছে লবণাক্ততা বাড়ছে। যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সূর্যের তাপমাত্রা ও লবণাক্ত বেড়ে যাচ্ছে। এ উভয় সংকটে মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠছে।”
তিনি বলেন, “শহরে বালু ও কংক্রিট দিয়ে উপরিভাগ ঢেকে ফেলা হচ্ছে। ফলে বৃষ্টির পানি মাটির গভীরে যেতে পারছে না। বাষ্প হয়ে উপরে যাচ্ছে। পানি নিচে যেতে না পারার কারণে লেয়ার পাওয়া যাচ্ছে না। ফেলে শহরের ডিপ-টিওবয়েলে পানি পাওয়া যাচ্ছে না।”
আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ২৯ এপ্রিল খুলনা জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২৫ এপ্রিল এ রেকর্ড ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
২০২৩ সালের ১৬ এপ্রিল ৪১ দশমিক ৩ ডিগ্রি, ২০১৪ সালের ২৩ এপ্রিল ৪০ দশমিক ৭ ডিগ্রি, ২০০৯ সালের ২৬ এপ্রিল ৪০ দশমিক ৫ ডিগ্রি, ২০২১ সালের ২৫ এপ্রিল ও ২০০২ সালের ২০ মে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে; যা দেশের সর্বোচ্চ।
আরও পড়ুন:
