১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫ হাজার টন উৎপাদনের লক্ষ্যে ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু

৭৫-৮০ দিনের মাড়াই মৌসুম শুরু হয়েছে বলে জানিয়েছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 07:03 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

ফরিদপুরের মধুখালীতে ৫ হাজার টন উৎপাদনের লক্ষ্যে চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে।

শুক্রবার বিকালে ২০২৪-২০২৫ মৌসুমে কেন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চিনিকলটির ৪৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

এর আগে কেন ক্যারিয়ার প্রাঙ্গণে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক,পরিকল্পনা ও উন্নয়ন) আজাহারুল ইসলাম। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান ।  

৭৫-৮০ দিনের মাড়াই মৌসুম শুরু হচ্ছে জানিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০২৩-২০২৪ রোপন মৌসুমের ৪ হাজার ২৫২ একর জমির দণ্ডায়মান আখ থেকে ৭৫ হাজার থেকে ৮০ হাজার টন আখ পাওয়া যাবে। যা থেকে চিনি উৎপাদন হবে প্রায় ৫ হাজার টন। 

অনুষ্ঠানে সাতটি সাব জোনের আখ চাষি সুব্রত ঘোষ, দয়াল প্রামাণিক, রিয়াজুল ইসলাম, জাহিদ হোসেন, শওকত আলী খান, সিরাজুল ইসলাম, রিপন হোসেন, সিরাজুল ইসলাম, আয়েন উদ্দিনসহ ১৪ জন চাষিকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।