Published : 28 Jun 2026, 09:43 PM
টাঙ্গাইল সদরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলায় বাবা ও তার পাঁচ ছেলেসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফয়সাল আল মামুন সাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাইদুর রহমান স্বপন।
দণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আ. রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের প্রয়াত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)। তাদের মধ্যে পলাতক আছেন হাসেম আলী।
পিপি স্বপন বলেন, ওই গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা মোহাম্মদ আলীকে কুপিয়ে এবং লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনায় মোহাম্মদ আলীর মেয়ে মর্জিনা আক্তার বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন বলে জানান তিনি।
তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর সদর থানার তৎকালীন এসআই (নিরস্ত্র) মো. রেহানুল ইসলাম আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন।