নোয়াখালীতে ছাত্রদল কর্মী রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
বৃহস্পতিবার বিকালে ছুরি মেরে রাফিকে হত্যা করা হয়।
নোয়াখালী সদর উপজেলার ছাত্রদল কর্মী আবুল হোসেন রাফির হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
রোববার দুপুরে এলাকাবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রাফির বাবা-মা, আত্মীয়-স্বজন, এলাকাবাসী ছাড়াও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে রাফির বাবা আবুল কালাম আজাদ ও অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম বক্তব্য দেন।
মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলতে গিয়ে রাফির ঠোঁট কেটে যায়। তখন তিনি চিকিৎসা নিতে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের কাছ যান। চিকিৎসা দেওয়া নিয়ে দুজনের মধ্যে বিতণ্ডা হয়। একপর্যায়ে শাহীন ছুরি দিয়ে রাফিকে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় রাফির বাবা আবুল কালাম আজাদ পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেছেন।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে গিয়াস উদ্দিন শাহীন পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।
