১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিফট ছাড়া স্বল্প পরিসরে চালু হবে পিরোজপুর সদর হাসপাতাল: গণপূর্ত প্রতিমন্ত্রী

“আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মের মধ্যে হাসপাতালের চারটি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

লিফট ছাড়া স্বল্প পরিসরে চালু হবে পিরোজপুর সদর হাসপাতাল: গণপূর্ত প্রতিমন্ত্রী
পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

রোগীদের দুর্ভোগ কমাতে ‎লিফট ছাড়াই স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল চালুর করার কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

তিনি বলেছেন, “আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মের মধ্যে হাসপাতালের চারটি ফ্লোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক যুদ্ধ প্রস্তুতির কারণে লিফট আসতে সময় লাগছে। 

“আগামী অগাস্টে লিফট আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর স্বাস্থ্য সেবার জন্য চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি।”

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ এবং যে সকল যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে তা স্থানান্তর করা হবে। 

আগামী দুই মাসের মধ্যে আগের চেয়ে জেলা সদর হাসপাতালে একটি ভালো সেবা নিশ্চিতের আশা প্রকাশ করেন মঞ্জুর সুমন।

এর আগে সকালে সভায় পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালে পিরোজপুর সদর হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতির ঘোষণা দেওয়া হয়। শুরু হয় সাত তলা ভবনের নির্মাণ কাজ। পরে আরও দুইতলার কাজ সম্প্রসারণ করা হয়। ২০২০ সালের জুনে শেষ হবার কথা থাকলেও মহামারি করোনার কারণে ৩ দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। তবে নির্মাণ কাজ শেষ হলেও লিফট না থাকায় হস্তান্তর করা হয়নি ভবনটি।