বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
লাভলী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
বগুড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার চক আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান।
নিহত লাভলী বেগম (৪৫) বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকার খাজা নাজিম উদ্দিনের স্ত্রী।
পরিবারের বরাতে এসআই বাবলুর রহমান বলেন, লাভলী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে আটকে রাখেন।
মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে চক আকাশতারা এলাকায় রেললাইনে গেলে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই লাভলীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে দেওয়া হয় বলে জানান এসআই বাবলুর রহমান।
