২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় গহীন পাহাড়ে অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় দুটি মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কক্সবাজার পুলিশ সুপার।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 06:52 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের একদিন পর আবারও একটি অস্ত্রের চালান উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী; যারা মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে অস্ত্র এনে অপরাধীদের হাতে পৌঁছে দিত বলে ভাষ্য পুলিশের।

গেল ৭২ ঘণ্টা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জার্মানির তৈরি জি-থ্রি রাইফেল, শুটার গান ও ৯২টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭) ও তার স্ত্রী লতিফা আক্তার (৩৪), একই এলাকার নুর নবীর ছেলে মো. কাশেম ওরফে মনিয়া (৩৮) এবং মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮) ও একই ইউনিয়নের শুক্করিয়া পাড়ার আবুল হাশেমের ছেলে মো. বেলাল হোসেন (৩৮)।

বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে মোস্তাকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে মোস্তাক, রবিউল আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রীকে আটক করা হয়। 

এ সময় মোস্তাকের ঘরে তল্লাশি চালিয়ে দুটি ওয়ান শুটার গান (এলজি), ৭৭টি গুলি এবং ২৪টি গুলির খোসা জব্দ করা হয় বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, চক্রটির আরেক সদস্য বেলাল টেকনাফ থেকে পালিয়ে মহেশখালী যাওয়ার পথে রামু উপজেলায় বিজিবির মরিচ্যা চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় সমুদ্রের পাশে ঝাউবাগানের ভেতর বালুর নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি জি-থ্রি রাইফেল, একটি ম্যাগাজিন ও ১৫টি গুলি উদ্ধার করা হয়।

মাহাফুজুল ইসলাম জানান, ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামি মোস্তাকের নামে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া রবিউল আলমের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। 

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় অস্ত্র আইনে দুটি মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

বুধবার ভোর ৫টা থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহীন লাল পাহাড়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানার সন্ধান পায় র‌্যাব। যেখানে চালানো ছয় ঘণ্টার অভিযানে অস্ত্র, গ্রেনেড ও রকেট সেলসহ দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন:

কক্সবাজারে 'আরসার আস্তানায়' র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২