২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে নৌকা উল্টে মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ২

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 08:12 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢল দেখতে গিয়ে নৌকা উল্টে মেডিকেল শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান জানান।

মৃতরা হলেন- ওই গ্রামের সুরহাব মিয়ার ছেলে, রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই এলাকার সাদা মিয়ার ছেলে, ঝিনাইগাতী উপজেলার আদর্শ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ আমান (২৩)। তারা সম্পর্কে বন্ধু।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ ঈদের ছুটিতে বাড়ি আছেন। শুক্রবার কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলা শেষে দুপুর ১টার দিকে নৌকা দিয়ে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা পাহাড়ি ঢলের পানি দেখতে যান তারা। এ সময় হঠাৎ নৌকাটি উল্টে গেলে পানিতে ডুবে মিল্টন ও আমানউল্লাহ মারা যান।

স্থানীয়রা অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক তদন্ত আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুটি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।