Published : 22 Jul 2026, 04:54 PM
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১০ বছরের ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তাকে কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মরিয়ম আক্তার কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন।
শিক্ষক মোস্তাফিজুর রহমান (২৫) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, ১২ জুলাই সকালে পরীক্ষা থাকায় অধিকাংশ ছাত্র বাইরে থাকলেও কয়েকজন শিশু শিক্ষার্থী বোর্ডিংয়ে ছিল। সে সময় শিক্ষক ছাত্রকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি কয়েকজন শিক্ষার্থী দেখে ফেললে বিষয়টি মাদ্রাসায় ছড়িয়ে পড়ে।
তবে ঘটনাটি প্রকাশ্যে আসে প্রায় ১০ দিন পর। মঙ্গলবার এক ছাত্র এ বিষয়ে কথা বলায় তাকে মারধর করেন ওই শিক্ষক। এরপর এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জুলফিকার মাহমুদ বলেন, “অভিযোগ জানার পর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছিল। তবে অভিযোগের সত্যতা তখনও যাচাই করা হচ্ছিল।”
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ওই ছাত্র ও তার বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
ওসি জামাল উদ্দিন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও তার বাবাকে জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই ছাত্রের বাবা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন।