১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্থির সমাজে সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই: এ্যানি

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অস্থির সমাজে সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই: এ্যানি
লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

কিছু মানুষ সমাজকে অস্থির করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। দেশের অর্থনীতির কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।”

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে কলেজ রোড ক্রীড়াচক্রের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এই মুহূর্তে দেশে একদিকে সংস্কার এবং আরেকদিকে নির্বাচন খুব বেশি প্রয়োজন মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই। যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হাঁটছি।” 

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এবং কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহাবুব আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদর থানার ওসি আবদুল মোন্নাফ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রব শামীম, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, কুইন্স গ্রুপ এলএলসির চেয়ারম্যান রাসেল শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘নীল ট্যাক্স’ এবং রানার্স আপ ‘ড্রিম ইলাভেন’কে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। 

টুর্নামেন্টে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হন কামাল পাশা এবং সেরা ব্যাটসম্যান হয়েছেন উপল।