‘১০ টাকা নিয়ে বিরোধ’, ময়মনসিংহে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছুরিকাঘাতে এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন (৪৫) ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তার ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে। তৌহিদের বাবার নাম লাল মাহমুদ।
স্থানীয়দের বরাতে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, আয়েশার ছেলে আশিকের কাছে তৌহিদ ১০ টাকা পেত। বিকালে সেই টাকা ফেরত চাওয়া নিয়ে তৌহিদ ও আশিক কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে মারামারি বেধে যায়। সেখানে আশিকের মা এগিয়ে এলে তৌহিদ ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
