শেরপুরে বেড়াতে আসা ভারতীয় নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার
তিন মাস আগে ৭৫ বছরের প্রণয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে তার ছোট ভাইয়ের বাড়িতে আসেন বলে জানান স্বজনরা।
শেরপুর সদর উপজেলা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের ছোট ভাইয়ের দাবি, এটি ‘আত্মহত্যা’।
রোববার সন্ধ্যায় শহরের গৃদানারায়নপুর মহল্লায় ওই বৃদ্ধের ছোট ভাইয়ের বাসার চারতালা ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন।
মৃত প্রণয় চন্দ্র সূত্রধর (৭৫) পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম হীরেন্দ্র চন্দ্র সূত্রধর।
প্রণয়ের ছোট ভাই পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. পীযূষ চন্দ্র সূত্রধর বলেন, “প্রণয় ছোটবেলায় ১৯৬৩ সালে মামার সঙ্গে ভারতের দিনহাটায় চলে যান। বড় হয়ে সেখানে তিনি বিয়ে করেন। পরে সে দেশের নাগরিকত্ব লাভ করেন। সেখানে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
“তিনি দেশ স্বাধীন হওয়ার পর দুই থেকে তিনবার বাংলাদেশে বেড়াতে আসেন। সম্প্রতি তিনি রমজান মাসের শুরুর দিকে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন। প্রথমে তিনি ঢাকায় আমার বাসায় ওঠেন। সেখান থেকে অন্য আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়ান কয়েকদিন।
“এরপর দুই মাস আগে শেরপুর শহরে আমার বাসায় ওঠেন। আমি আমার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় বসবাস করি। শেরপুরে বাসায় মাঝে মধ্যে ছুটিতে গিয়ে থাকতাম। দাদা (প্রণয়) দুই মাস আগে থেকে একা সেখানে বসবাস করে আসছিলেন।”
তিনি বলেন, “ঈদের ছুটিতে পরিবারসহ শেরপুরের বাসায় আসি। আমি ও আমার দুই ছেলেকে নিয়ে ঈদের পরে ঢাকায় ফিরে যাই। তবে আমার স্ত্রী ও দাদা (প্রণয়) বাসায় ছিলেন। দুই-একদিনের মধ্যে সবাই ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।
“রোববার আমার স্ত্রী স্বপ্না রানী সূত্রধর জামালপুরের নান্দিনায় তার নানা বাড়ি থেকে শেরপুরে এসে বাসার তালা খুলে দেখেন, দাদা ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন।”
স্বপ্না রানী সূত্রধর বলেন, “আমি নান্দিনায় বেড়াতে গিয়েছিলাম। যাওয়ার আগে বাইরে থেকে দরজায় তালা দিয়ে গিয়েছিলাম। সন্ধ্যায় দরজার তালা খুলে দেখি দাদা (প্রণয়) সিলিংফ্যানের হুকের সঙ্গে ঝুলছেন। পরে থানায় খবর দেই।”
পীযূষ চন্দ্র সূত্রধরের দাবি, “ভারতে স্ত্রী-সন্তানদের সঙ্গে বিরোধ থাকায় দাদা (প্রণয়) বাংলাদেশে চলে আসেন। এখানে এসেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাই হয়ত আত্মহত্যা করেছেন।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার আকরামুল হোসেন।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনি সহায়তা চাওয়া হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
