২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগের পর বরিশালে ছাত্রদল নেতাকে বহিষ্কার

সবুজ আকনের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার এক নিকটাত্মীয় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ধর্ষণের অভিযোগ আসার পর বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রোববার তাকে বহিষ্কার করা হয় বলে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) তারেক আল ইমরান জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সবুজ আকনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।”

সোমবার সবুজ আকনের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার এক নিকটাত্মীয় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলার দুদিন পর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সবুজ আকন দাবি করেন, পাওনা টাকা ও জমি নিয়ে বিবাদের সূত্র ধরে ধর্ষণ মামলা করা হয়েছে।